নিউজ ডেস্ক, সময় সংবাদ : আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসান্নামস্রেইন ওয়ুন-এরদেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ জুন) সংসদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দুর্নীতির অভিযোগে কয়েকদিন ধরে চলা তীব্র বিক্ষোভের পর সংসদে গোপন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর এএফপির।
গোপন ব্যালটে প্রায় ৮২ জন আইন প্রণেতা অংশগ্রহণ করেন। এরমধ্যে ৪৪ জন ওয়ুন-এরদেনের প্রতি আস্থা বজায় রাখার পক্ষে ভোট দেন ও ৩৮ জন বিপক্ষে ভোট দেন। ১২৬ আসনের সংসদ থেকে প্রয়োজনীয় ৬৪ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওয়ুন-এরদেন পদত্যাগ করতে বাধ্য হন।
সংসদে ভোটের ফলাফল ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে ওয়ুন-এরদেন বলেছেন, মহামারি, যুদ্ধ ও শুল্কসহ বিভিন্ন কঠিন সময়ে আমার দেশ-জনগণের সেবা করা সম্মানের বিষয়।
দেশটিতে ঘন ঘন বিক্ষোভ এবং অস্থিরতা দেখা গেছে। গত সপ্তাহে উলানবাটোরে শত শত তরুণ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা একজন সরকারি কর্মচারীর সামর্থ্যের চেয়েও বেশি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছেন।
Leave a Reply