সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪.২৮ পিএম
  • ১৫৯ বার সংবাদটি পড়া হয়েছে
খালেদা জিয়া

নিউজ ডেস্ক : দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নতুন করে অবনতিও হয়নি। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এই তথ্যগুলো শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালের যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউর ভেতরে যাননি। গ্লাসের বাইরে থেকে দেখে এসেছেন বলে জানান আমীর খসরু।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহতালার কাছে দোয়া চেয়েছি। তিনি যেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এনে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ শুক্রবার বাদ জুমা নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পর তিনি এসব কথা বলেন।

এদিকে আমীর খসরু  বলেন, ‘আমরা দূর থেকে দেখেছি। সিসিইউতে তো যাওয়া যায় না। সংক্রমণের ঝুঁকি আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁর অবস্থার উন্নতি নেই। মেডিকেল বোর্ড চেষ্টা করছে। প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে।’

প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। শুক্রবার সন্ধ্যায় সমকালকে তিনি বলেন, ‘আমি এখন হাসপাতাল যাচ্ছি। ম্যাডামের অবস্থা আগের মতোই। তেমন কোনো উন্নতি নেই। এখনও সিসিইউতেই আছেন। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন হাসপাতালে আছেন সার্বক্ষণিক। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমার সঙ্গে চিকিৎসকদের যতটা কথা হয়েছে, তারা জানিয়েছেন ম্যাডামের অবস্থা ভালো নয়।’

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার জন্য গুলশানের বাসা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে প্রতিদিন। তাঁর সঙ্গে ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সার্বক্ষণিক থাকছেন। এ ছাড়া গৃহপরিচারিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার সঙ্গে আছেন।

বৃহস্পতিবার দুপুরে সংক্রমণের শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের একজন সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। তিনি এখনও সেরে ওঠেননি। বয়সের কারণে সময় লাগবে।’

এই চিকিৎসক গতকাল একই কথা জানান। তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা ভালো-খারাপ কোনোটাই নেই। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।’

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

বাসসের খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াপ্রার্থনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন।

হাসপাতালে আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। হাসপাতাল থেকে বের হয়ে ড. আসিফ নজরুল বলেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনই ফিরলাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন তাঁর জন্য।

এভারকেয়ার হাসপাতালে বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা যান। দলের নেতাকর্মীরাও হাসপাতালে ভিড় করেন।

তারেক রহমানের কৃতজ্ঞতা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিবৃতিতে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews