মোঃ আব্দুল আজিজ, (নওগাঁ) : মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যা করে ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি জানান, জেলা পর্যায়ে ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকলে দৈনিক ৩ শিফটে অন্তত ১৮০ জন রোগী পরিষেবা পাবেন। মেশিন ক্রয়ের টেন্ডার সম্পন্ন হওয়ায় আগামী ৩ মাসের মধ্যেই এ সেবা চালু করা সম্ভব হবে।
রোববার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে সকাল ১০টায় হাসপাতালটিতে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন:
জনবল সংকট নিরসনে নতুন নিয়োগ
দেশের স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত ১৭ বছরে চাহিদা অনুযায়ী নতুন ডাক্তার নিয়োগ হয়নি। ২০ কোটি মানুষের সেবায় এ সংকট দূর করতে ইতোমধ্যে ৫ হাজার ডাক্তার, আড়াই হাজার নার্স এবং আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পিএসসিতে নতুন চিকিৎসকদের ইন্টারভিউ চলছে এবং আগামী এক বছরের মধ্যে সংকট দূর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অবৈধ ক্লিনিক ও স্বাস্থ্য খাতে স্বচ্ছতা
অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “লাইসেন্সহীন ক্লিনিকগুলোর কোনো জবাবদিহিতা ছিল না। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেলা প্রশাসন ও সিভিল সার্জনরা অবৈধ ক্লিনিকগুলো বন্ধ ও জরিমানা করছেন।” স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়ম কাটিয়ে পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
পরিদর্শনকালে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ: ম: আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply