নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার সরল খাঁ’র কান্দি গ্রামে এক নারীর বিরুদ্ধে পরকীয়ার প্রস্তাবে সাড়া না পেয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তোলার দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক তালুকদার ও তার পরিবার। অন্যদিকে, ঘটনাটিকে সাজানো ও ভিত্তিহীন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সৌদি প্রবাসী রাজ্জাক মিয়া বয়াতির স্ত্রী আকলিমা (চার সন্তানের জননী) গত প্রায় এক বছর ধরে প্রতিবেশী আব্দুর রাজ্জাককে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ৪৮ বছর বয়সী চার সন্তানের জনক আব্দুর রাজ্জাক তা বারবার প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী রাজ্জাকের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক তালুকদার জানান, “শুধুমাত্র পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় জেদের বশে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। ক্লিনিকাল ও ফোরেনসিক পরীক্ষা করা হলেই আসল সত্য প্রকাশ পাবে এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে ভিত্তিহীন, তা পরিষ্কার হয়ে যাবে।”
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে জানান, “বাদী ও বিবাদীর বাড়ি পাশাপাশি। বাদীর স্বামী প্রবাসী। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে যে তাদের মধ্যে পূর্বে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকলেও তা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এটি তদন্তাধীন বিষয়, তাই এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রদান করবেন।”
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও থানার আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জের (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ব্যক্তিস্বার্থ ও পরকীয়াঘটিত অসন্তোষ থেকে সৃষ্ট সাজানো ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply