নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবার উঠে এল পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের (Dawn) কার্টুনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই কার্টুনটিতে বাংলাদেশের বর্তমান সংক্ষুব্ধ অবস্থান এবং ভারতের প্রতি সেই মনোভাবের একটি প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ডন-এর কার্টুনিস্টের আঁকা এই ব্যঙ্গচিত্রে দেখা যায়, জ্বলন্ত রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের প্রতীক হিসেবে একটি বিশালাকার বাঘকে দেখানো হয়েছে, যার পুরো শরীর থেকে আগুনের শিখা বের হচ্ছে। এটি মূলত বাংলাদেশে চলমান গণ-অসন্তোষ এবং ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে এ দেশের মানুষের তীব্র ক্ষোভের প্রতিফলন। 
বাঘটির একেবারে সামনে ক্ষুদ্রাকৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাঘটি মোদির দিকে তাকিয়ে গর্জন করছে, যা দুই দেশের মধ্যকার বর্তমান কূটনৈতিক শীতলতা এবং বাংলাদেশের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এরপর দিল্লির বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টার ঘটনায় দুই দেশের সম্পর্ক এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়ার খবর এবং পরবর্তীতে দিল্লির ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যা বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যাখ্যান করার বিষয়টি এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এই কার্টুনটি মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে পরিবর্তিত সম্পর্কের সমীকরণকে তুলে ধরেছে। বাংলাদেশের মানুষ যে এখন আর মাথা নত করে থাকতে রাজি নয় এবং তারা তাদের অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে অটল—কার্টুনটি সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a Reply