নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতির উদ্দেশে ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন—এই দোয়া করি। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দু:খ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’
শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অধ্যাপক ইউনূস যোগ করেন, ‘শহিদ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও হবে বিশেষ প্রার্থনা।
Leave a Reply