স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তাপ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে নতুন এক দ্বৈরথ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য মহারণ ‘ফিনালিসিমা’ আয়োজনের তোড়জোড় আবারও নতুন রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই মাঠে গড়াতে পারে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি।
মূলত উয়েফা ইউরো এবং কনমেবল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যে আন্তঃমহাদেশীয় ট্রফির লড়াই-ই হলো ‘ফিনালিসিমা’। ২০২২ সালে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি ফিরে আসে, যেখানে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ঐতিহাসিক শিরোপা ঘরে তুলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
নিয়ম অনুযায়ী পরবর্তী আসরে মুখোমুখি হওয়ার কথা সদ্য ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার। শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হলেও পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থার জটিলতায় তা স্থবির হয়ে পড়ে। মাঝপথে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু কিংবা দুই দেশের হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের নানা গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই বাস্তবায়ন হয়নি।
তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালের এক প্রতিবেদন ফুটবল প্রেমীদের নতুন করে আশাবাদী করে তুলেছে। তার মতে, দুই পরাশক্তির এই মহাল লড়াই আয়োজনের সময়সীমা হিসেবে চলতি বছরের নভেম্বরকে নির্ধারণ করা হচ্ছে।
প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ম্যাচটি আয়োজনের দৌড়ে আবারও এগিয়ে এসেছে কাতারের লুসাইল স্টেডিয়াম। এমনকি কাতার সরকার ইতোমধ্যে ম্যাচটির আয়োজন-স্বত্ব নিশ্চিত করেছে বলেও একাধিক সূত্রে দাবি করা হয়েছে।
অবশ্য ম্যাচটির চূড়ান্ত তারিখ ও ভেন্যু নিয়ে আয়োজক সংস্থা উয়েফা (UEFA) বা কনমেবল (CONMEBOL)-এর পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে গুঞ্জন যদি সত্যি হয়, তবে বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই আবারও ইউরোপ ও লাতিন ফুটবলের দুই সেরা শক্তির লড়াই উপভোগ করার সুযোগ পাবেন ক্রীড়ামোদী দর্শকেরা।
Leave a Reply