মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মাসহ সকল নৌ-পথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়, নৌ-পথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং বাল্কহেড-ড্রেজার মালিক-শ্রমিকদের নৌযানের সনদপত্র দেখার নামে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাল্কহেড মালিক-শ্রমিকরা।
শনিবার দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুরুজ খান। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রশাসনিক হয়রানির কারণে বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকরা চরম সংকটে রয়েছেন। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে নিরাপদ ও হয়রানিমুক্ত নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।
Leave a Reply